আপনার জিজ্ঞাসা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

মসজিদের ক্যাশিয়ারের জন্য পারিশ্রমিক নির্ধারণ

রহমত আলী, সিলেট

প্রশ্ন : আমাদের এলাকার মসজিদের ক্যাশিয়ার অত্যন্ত পরিশ্রমী ও বিশ্বস্ত। মসজিদের হিসাব-নিকাশ ও অন্যান্য উন্নয়নমূলক কাজে অনেক সময় দেন। কমিটির অন্য কেউ তার মতো সময় দেন না। মসজিদের কাজে সময় দিতে গিয়ে তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে সমস্যা হওয়ায় তিনি এ দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন। এসব কারণে কমিটির অনেকে বলছেন, তার জন্য মসজিদের ফান্ড থেকে পারিশ্রমিক নির্ধারণ করা হোক। এখন জানারবিষয় হলো, মসজিদের ফান্ড থেকে তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা কী বৈধ হবে?

উত্তর : মসজিদের ক্যাশিয়ার যদি মসজিদের কাজে উল্লেখযোগ্য সময় ব্যয় করেন তবে মসজিদের ফান্ড থেকে তার জন্য ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করা জায়েজ হবে। আর পারিশ্রমিক নির্ধারণ করলে তার দায়িত্ব ও কর্তব্য নির্ধারিত করে নিতে হবে।

(হিন্দিয়া ২/৪৬১)

কোরবানির মান্নত প্রসঙ্গে

আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জ

প্রশ্ন : একবার আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন আমি মান্নত করেছিলাম, আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করেন তাহলে আমি আগামী কোরবানির ঈদে একটি কোরবানি করব। আল্লাহর রহমতে আমার ছেলে এখন সুস্থ। আমার জানার বিষয় হলো, প্রত্যেক বছর তো আমার উপর কোরবানি ওয়াজিব হয়। এখন আমার কী দুটি কোরবানি করতে হবে, নাকি একটি করলেই চলবে?

উত্তর : আগামী কোরবানি ঈদের দিন আপনি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তাহলে আপনাকে দুটি কোরবানি করতে হবে। একটি মান্নতের কোরবানি, অপরটি ঈদুল আজহার কোরবানি। (রদ্দুল মুহতার ৩/৭৩৭)

পানির পাত্রে তেলাপোকা মারা গেলে

জহিরুল হক, টাঙ্গাইল

প্রশ্ন : আমাদের বাসায় বিভিন্ন পাত্রে পানি ভরে রাখা হয়। কখনো কখনো পাত্রে এক বা একাধিক তেলাপোকা মৃত পাওয়া যায়। আমার জানারবিষয় হলো, পাত্রে তেলাপোকা মারা যাওয়ার কারণে পাত্রের পানির হুকুম কী? তা কী অজু, গোসল কিংবা কাপড় ধোয়া ইত্যাদি কাজে ব্যবহার করার সুযোগ আছে?

উত্তর : তেলাপোকার প্রবাহিত রক্ত নেই। তাই কোনো পাত্রে তেলাপোকা পড়ে মারা গেলে পাত্রের পানি নাপাক হবে না, বরং তা পবিত্রই থাকবে। সুতরাং আপনারা চাইলে এ পানি অজু, গোসল ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। (বাহরুর রায়েক ১/৮৮)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত