আপসের পথেই ইমরানের দল!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৪ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে এখন কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। এবার দলের এক শীর্ষ নেতা ‘এস্টাবলিশমেন্ট’ তথা সেনাবাহিনীর সঙ্গে আলোচনার কথা বলেন, যা সমঝোতামূলক বলেই মনে করছেন অনেকে। এ অবস্থায় ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের নেতৃত্বাধীন সরকার গোটা বিষয়টিকেই ইমরান খানের দ্বৈতনীতির প্রতিফলন আখ্যা দিয়েছে।

পিএমএল-এনের নেতৃত্বাধীন জোট সরকারের কর্তাব্যক্তিরা মনে করেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান যেভাবে বেসামরিক শ্রেষ্ঠত্বের কথা বলেন, তা কার্যত নাটক ছাড়া কিছুই নয়।

পিটিআইয়ের শীর্ষ নেতা শাহরিয়ার আফ্রিদি গত শুক্রবার বলেন, তার দল প্রয়োজনে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে নয়; বরং সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করবে।

পিটিআই নেতার ওই বক্তব্যকে কোনো কিছুর ইঙ্গিত মনে করছে ক্ষমতাসীন সরকারের প্রধান ভরকেন্দ্র পিএমএল-এন এবং অন্য শরিকরা।

পিএমএল-এন নেতা খাজা সাদ রফিক বলেন, পিটিআইয়ের বেসামরিক শ্রেষ্ঠত্বের কথা মূলত নাটক। গোটা ব্যাপার ইমরান খানের প্রথাগত আচরণের প্রতিফলন, যেখানে তার এক হাত তাদের (সামরিক বাহিনী) গলায় এবং আরেক হাত থাকে তাদের পায়ে।

পিএমএল-এনের আরেক শীর্ষ নেতা রানা সানাউল্লাহ বিষয়টিতে আরও গভীর কিছুর ইঙ্গিত পাওয়ার দাবি করেন। তার ভাষ্য, পিটিআইয়ের মনোভাব রাজনৈতিক কিছু নয়; বরং তারা এস্টাবলিশমেন্টকে দিয়ে ক্ষমতা দখল করতে চায়। তিনি বলেন, ‘মতপার্থক্য নিরসন হবে; একমাত্র যদি রাজনৈতিক দলগুলো সংঘবদ্ধ হয় এবং সিদ্ধান্ত নেয় যে প্রতিটি প্রতিষ্ঠান তার পরিধির মধ্যে সীমিত থাকবে।’

পাকিস্তান গণমাধ্যমের খবর ও নানা রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অনুযায়ী মনে করা হয়, গত নির্বাচনে পিটিআইয়ের প্রতীকবিহীন প্রতিদ্বন্দ্বিতা এবং ইমরানকে নির্বাচনের আগে একের পর এক সাজা দেওয়ার ঘটনায় সামরিক বাহিনীর হাত ছিল। আর ক্ষমতা হারানোর জন্য সেনাবাহিনীকে বারবার দায়ী করেছেন ইমরান। এখন দলটির কোনো কোনো নেতার দিক থেকে সামরিক বাহিনীর সঙ্গে আলাপের ইচ্ছাপ্রকাশ বড়ই তাৎপর্যপূর্ণ ঘটনা। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের সবচেয়ে বড় অংশীদার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ফয়সাল করিম কুন্দি বলেন, পিটিআই এস্টাবলিশমেন্টকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে ডেকে আনছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত