রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় ট্রাক ধাক্কায় ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শাহজাদপুর বাঁশতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনুল ইসলাম নামে অপর এক রিকশাচালক জানান, রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান, শাহজাদপুর বাঁশতলা এলাকায় রিকশাচালক ইউসুফ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে তিনিসহ রিকশা গ্যারেজের মালিক ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে সেখানে আর দেখতে পাননি। ততক্ষণে গুরুতর আহত ইউসুফকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয়দের মাধ্যমে তখন জানতে পারেন, একটি ট্রাক রিকশাসহ ইউসুফকে ধাক্কা দিয়েছে। কিন্তু সে সময় রিকশায় কোনো যাত্রী ছিলো না। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলে গিয়ে ইউসুফের মরদেহ দেখতে পান।
সহকর্মীরা জানান, ইউসুফের বাড়ি শেরপুর শ্রীবরদী উপজেলার মোল্লাপাড়া গ্রামে। বাবার নাম মৃত আ. সালাম। বর্তমানে গুলশান নর্দ্দায় রিকশার গ্যারেজে থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গুলশান থানা পুলিশ তদন্ত করছে।
