কিশোরগঞ্জের ভৈরবে মশার কয়েল তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (২ মে) ভোর পাঁচটার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকার মেসার্স রূহান এন্ড রাতুল কেমিক্যাল ওয়ার্কস নামের কারখানাটির ডায়ার মেশিনের অতিরিক্ত তাপে আগুনের সূত্রপাত বলে জানান কারখানাটির মালিক আশরাফুল আলম রুজেন।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. মুসা ভূঁইয়া জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ডায়ার মেশিনের অতিরিক্ত তাপে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তৈরি কয়েলসহ কারখানার বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
