প্রার্থীর নির্বাচনী প্রচারে প্রিসাইডিং অফিসার!

আপডেট : ০৩ মে ২০২৪, ০৫:২৪ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার রেজাউল করিম রেজার বিরুদ্ধে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে উজানটিয়া ইউনিয়নের সোনালি বাজার ও বিকেলে রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা গ্রামে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা শাফায়েত আজিজ রাজুর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। আগামী ২১ মে পেকুয়া ও কুতুবদিয়ায় দ্বিতীয় দফার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রেজাউল করিম রেজা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুতুবদিয়া শাখায় এসও (ক্যাশ) পদে কর্মরত রয়েছেন। তিনি সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনের জন্য সহকারী রিটার্নিং অফিসার ও কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। পরে গত ২৯ ও ৩০ এপ্রিল সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন।

কুতুবদিয়া উপজেলার সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ১ মে পেকুয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজ রাজুর সঙ্গে প্রচারণায় অংশ নিলেও কারও কাছে ভোট চাইনি।’

এ প্রসঙ্গে পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, কুতুবদিয়ার সহকারী প্রিসাইডিং অফিসার রেজাউল করিম রেজা পেকুয়ায় এসে একজন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এ খবর জেনেছি। কেউ লিখিত অভিযোগ করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত