পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হন ফখরুল দম্পতি। আগামী ৮ মে তারা দেশে ফিরবেন বলে জানা গেছে।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়ে বলেন, ‘পবিত্র ওমরাহ পালন করতে ম্যাডামসহ স্যার সৌদি আরব গেছেন। প্রথমে তারা সরাসরি মদিনায় যাচ্ছেন। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন এবং মসজিদে নববিতে নামাজ আদায় করবেন। এরপর মদিনা থেকে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালনের আনুষ্ঠানিকতা শুরু করবেন। তারা কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া সায়ি করবেন এবং মসজিদুল হারামে নামাজ আদায় করবেন।’
গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ প- করে দেওয়ার পরদিনই মির্জা ফখরুল গ্রেপ্তার হন। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।
কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম উভয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। ৪ মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
