দেশের ডাকে আইপিএল ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। তার আগে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে স্মরণীয় সময়ই কাটিয়েছেন তিনি। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন।
বাংলাদেশি পেসারের এমন সাফল্যের নেপথ্যে অনেকে মাস্টারমাইন্ড হিসেবে মহেন্দ্র সিং ধোনির ভূমিকাকে দেখেন। এবার ধোনির প্রতি কৃতজ্ঞতা জানালেন মোস্তাফিজ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢাকায় ফেরার একদিন পর আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে ধোনির অটোগ্রাফ দেওয়া একটি জার্সিসহ ছবি পোস্ট করেছেন ফিজ। জার্সিতে লেখা ছিল ‘উইথ লাভ টু ফিজ।’
ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সাথে একই ড্রেসিংরুম শেয়ার করাটা ছিল একটি বিশেষ অনুভূতি। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান টিপসগুলো সবসময় মনে রাখবো।’ ফিজ আরও লেখেন, 'শিগগিরই আবার আপনার সাথে সাক্ষাৎ এবং খেলার জন্য উন্মুখ হয়ে আছি।'
২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন ফিজ। তবে তার স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলা। সেই স্বপ্নপূরণ হয় এবারের নিলামে মোস্তাফিজকে চেন্নাই ২ কোটি রুপিতে কিনলে।
