ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিষেধাজ্ঞা নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হলে বিষয়টি সবার নজরে আসে।
নোটিসে উল্লেখ করা হয়, ‘কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতকোত্তর (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলার স্বার্থে জানানো যাচ্ছে, কলেজ ক্যাম্পাসে মোটরবাইক এবং শ্রেণিকক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মোটরবাইক নিয়ে প্রবেশ করলে এবং শ্রেণিকক্ষে কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী সরকারি কলেজে ভর্তি হচ্ছে। কিন্তু মোবাইল ফোনের নেতিবাচক প্রভাবের কারণে তারা পড়ালেখা থেকে ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। এতে কাক্সিক্ষত ফলাফল করতে পারছে না। মূলত শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে তোলার জন্য এই প্রয়াস গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যদিকে, কলেজ ক্যাম্পাসের মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে অনেক শিক্ষার্থী সাইলেন্সারের বিকট শব্দ করে স্ট্যান্ডবাজি দেখানোর চেষ্টা করেন। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।
