ক্লাব পর্যায়ে ইউরোপে থাকতে প্রায় সব শিরোপাই জিতেছেন মেসি। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা, বিশ্বকাপও জিতেছেন। এখন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তাইতো এবার ব্যবসা-বাণিজ্যের দিকে মনোযোগ বাড়াচ্ছেন তিনি।
এরই মধ্যে বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত আছেন মেসি। এবার বাজারে আনতে যাচ্ছেন হাইড্রেশন ড্রিংক।
আগামী ২৪ জুন পানীয়টি বাজারজাত করা হবে। ২৪ জুন মেসির জন্মদিনও। প্রথমে ডিংকটি শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পানীয় বাজারে আনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিওতে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়।
মেসি সেখানে বলেন, ‘আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, সেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয়টি কীভাবে তৈরি হচ্ছে, সেটি সম্পর্কে জেনেছি।’
