বোর্নমাউথকে হারিয়ে আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিল। ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান করেছিল ৪ পয়েন্টের। তবে ঘণ্টা তিনেকের মধ্যে সেটা কমিয়ে ১ করলো সিটি। ঘরের মাঠে আর্লিং হালান্ডের চার গোলে তারা পেয়েছে অনায়াস জয়।
ইতিহাদে স্টেডিয়ামে উলভসকে ৫-১ গোলে হারিয়েছে সিটি। তিনটি গোলই আসে হালান্ডের পায়ে।
খেলার ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হালান্ড। ৩৫ মিনিটে রদ্রির বাড়িয়ে দেওয়া বল থেকে সোজা উলভসের জালে জড়ান হালান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ফের পেনাল্টি পায় সিটি। আবারও স্পট কিক থেকে গোল করে ব্যবধান তিনগুণ করেন হালান্ড।
বিরতির আগেই হ্যাটট্রিক করে সিটির জয় নিশ্চিত করে ফেলেন হালান্ড।
বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে একটি গোল শোধ করে উলভস। হাওয়াংয়ের পা থেকে আসে গোলটি।
তবে এক মিনিট পর হালান্ড তার চতুর্থ গোলটি করেন৷ তাতে সিটিও চার নাম্বার গোলটি পেয়ে যায়। ফিল ফোডেন ছিলেন সেই গোলের পেছনের কারিগর।
খেলার ৮৫ মিনিটে আবারও গোল পায় সিটি। ফের নেপথ্যের কারিগর ছিলেন রদ্রি। তবে এবার হালান্ড নন, গোল করেন হুলিয়ান আলভারেজ।
এই জয়ে ৩৫ ম্যাচে ২৫ জয়ে ৮২ পয়েন্ট অর্জন করলো সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের পয়েন্ট ৮৩। ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।
