শরীয়তপুরে শ্রমিক নেতার হাতে দুই চিকিৎসক লাঞ্ছিত

আপডেট : ০৫ মে ২০২৪, ০৪:১৫ এএম

শরীয়তপুর সদর হাসপাতালে দুই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড়ের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

ওই দুই চিকিৎসক হলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান ও মেডিকেল অফিসার শাহরিয়ার ইয়াসিন। তাদের মধ্যে শাহরিয়ার ইয়াসিনকে মারধর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সদর হাসপাতালের কর্মকর্তারা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে তার ছেলে অভি পাহাড়কে নিয়ে আসেন এলিম পাহাড়। দ্রুত কেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না এমন কথা বলে কর্তব্যরত চিকিৎসকদের গালমন্দ করতে শুরু করেন এলিম পাহাড়। পরে চিকিৎসকের সঙ্গে তার বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে চিকিৎসক শাহরিয়ার ইয়াসিনকে এলোপাতাড়ি কিলঘুসি, চড়-থাপ্পড় মারেন ও গলা চেপে ধরেন এলিম পাহাড়। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় এলিম পাহাড়ের বিরুদ্ধে পালং মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

হাসপাতালের স্টাফ মোহাম্মদ সুজন ও খালেক বলেন, ‘চিকিৎসায় দেরি হয়নি। তবুও স্যারদের মারধর করেছেন এলিম পাহাড়।’

এ বিষয়ে শ্রমিক নেতা এলিম পাহাড় বলেন, ‘আধাঘণ্টা থেকে ১ ঘণ্টা হাসপাতালে পড়ে ছিল আমার ছেলে, ডাক্তাররা চিকিৎসা দেয়নি। পরে ডাক্তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। আমি ডাক্তারকে কিছু বলিনি। পরে আমাকে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয় তারা।’

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইয়াসিন বলেন, ‘জরুরি বিভাগে দায়িত্বরত ছিলেন মেডিকেল অফিসার লিমিয়া সাদিনা। আমি পাশে বসে ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুত করছিলাম। এ সময় আহত অবস্থায় অভি পাহাড় নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা এলিম পাহাড়। পরে তার ছেলেকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগ তুলে চিকিৎসকদের গালাগালি শুরু করেন। এরপর তার সঙ্গে আমার বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আমাকে এলোপাতাড়িভাবে কিলঘুসি, চড়-থাপ্পড় মারেন এলিম পাহাড় এবং গলা চেপে ধরেন।’

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ‘আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় অভিযুক্তের সুষ্ঠু বিচার করবে।’

চিকিৎসকদের সংগঠন বিএমএর শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডা. মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এলিম পাহাড়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত