ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ম্যানচেস্টার ইউনাটেড ৪-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এবারের লিগে এটি তাদের ১৩তম হার। চলতি মৌসুমে এটিই ম্যানইউর বড় ব্যবধানে হার।
এই সংখ্যা দেখার পর রেড ডেভিল ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, এটিই কি সবচেয়ে বাজে মৌসুম।
প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে এক মৌসুমে এটিই ম্যানইউয়ের সবচেয়ে বেশি হারের রেকর্ড। লিগে এখনো তিনটি ম্যাচ বাকি তাদের।
প্রিমিয়ার লিগে কখনো ম্যানইউ সপ্তম স্থানের নিচে থেকে শেষ করেনি। বর্তমানে ৩৫ ম্যাচ শেষে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের আট নম্বরে।
গোল করার চেয়ে গোল হজম করেছে বেশি প্রথম বিভাগ লিগে ম্যানইউয়ের এমনটি সবশেষ হয়েছিল ১৯৮৯-৯০ মৌসুমে। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল পার্থক্য -৩। ৫২ গোল করার বিপরীতে তারা হজম করেছে ৫৫টি।
শুধু প্রিমিয়ার লিগেই যে তাদের বাজে অবস্থা চলছে বিষয়টি তা নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত ৮১ গোল হজম করেছে ম্যানইউ। যা ১৯৭৬-৭৭ মৌসুমের পর সবচেয়ে বেশি। ১৯৭৬-৭৭ মৌসুমেও ৮১ গোল হজম করেছিল তারা। ম্যানইউয়ের লিগে এখনো তিন ম্যাচ ছাড়াও এফএ কাপের ফাইনাল খেলা বাকি। তাই বলাই যায় এই সংখ্যা আরও বাড়তে পারে।
