ময়মনসিংহের ফুলপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইউএনওসহ দুইজন আহত হয়েছেন। ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের ফুলপুর-শেরপুর সড়কে ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, বুধবার ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলা পরিষদের নির্বাচন। ঈশ্বরগঞ্জের ইউএনও ফুলপুরে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় গাড়িতে করে দায়িত্ব পালনের সময় শেরপুরগামী একটি বাসের সঙ্গে ইউএনও'র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও এবং গাড়িতে থাকা তার সহকারী আহত হন।
তিনি আরও বলেন, ইউএনওকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
