পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তরের আবেদন মঞ্জুর করেছে। জানুয়ারিতে তোশাখানা মামলায় কারাদণ্ড পাওয়ার পর ইমরান খানকে আদিয়ালা কারাগারে নেওয়া হলেও বুশরা বিবি নিজস্ব বাসভবনে অন্তরীণ ছিলেন।
বুশরা বিবির আইনজীবীদের বরাতে গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে কারাগারে স্থানান্তরের আবেদন করে বুশরা বিবি। তার আইনজীবী নাঈম পানযুথা জানিয়েছেন, বাসায় অন্তরীণ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন ইমরানের স্ত্রী। ইসলামাবাদ হাইকোর্টে ওই আবেদন জমা দেন। গতকাল আদালত তাকে রাওয়ালপি-ির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। একই কারাগারে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান (৭০)।
অবশ্য আদালত বলেছে, সরকারি প্রতিষ্ঠান ও বিচার বিভাগের বিরুদ্ধে বক্তব্য রাখতে পারবেন না ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি।
ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, বুশরা বিবিকে তার বাসায় কর্র্তৃপক্ষ বিষাক্ত খাবার পরিবেশন করেছে। অবশ্য কর্র্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে।
