হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন মৌলভীবাজারের তাজ

আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:০৭ পিএম

মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ মে) সকালে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এক‌ইসঙ্গে দ্রুত তাকে প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয়েছে।

জানা গেছে, গত ২৮ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম। এ ঘটনার পরপরই মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত রিট আবেদন করেন তাজুল ইসলাম। হাইকোর্ট তাঁর রিট আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার রুল জারি করেন। তাই এখন তাজুল ইসলাম তাজের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না। 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী তাজ বলেন, আমি আমার অধিকার ফিরে পেয়েছি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছিলো।

উল্লেখ্য, আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন হ‌ওয়ার কথা ছিলো। কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হ‌ওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত