পঞ্চগড়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে পঞ্চগড় চারু সংসদের আয়োজনে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। এ সময় প্রদর্শনীতে প্রদর্শিত ১০০ ছবির সব কিনে নেন তিনি।
সংসদ সদস্য বলেন, ‘আয়োজকরা প্রদর্শিত শিশু-কিশোরদের আঁকা প্রত্যেক ছবির মূল্য এক হাজার টাকা নির্ধারণ করেছেন। আমি সব ছবি কেনার জন্য এক লাখ টাকা দেব। আর জেলা পরিষদ চেয়ারম্যান আয়োজক সংগঠনের জন্য দেবেন এক লাখ টাকা। এ ছবিগুলো পরবর্তীকালে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে।’
চিত্র প্রদর্শনীর প্রথম দিন নানারকম ছবি নিয়ে হাজির হয়েছে পঞ্চগড়ের শিশু-কিশোররা। দর্শকদের ছবি দেখাতে দেখাতে ছবির থিমও বুঝিয়ে দেয় তারা।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ছবি ও চিত্রকলায় উৎসাহ দেওয়ার জন্য এ আয়োজন। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী শনিবার প্রদর্শনী শেষ হবে।
