‘এমন কোনো দেশ নেই যেখানে সড়ক দুর্ঘটনা হয় না’

আপডেট : ১০ মে ২০২৪, ১১:২৪ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, সড়ক দুর্ঘটনা হ্রাস করা যায় কিন্তু বন্ধ করা যায় না। সড়ক দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে এ কথা যারা মনে করেন তারা আসলে আহম্মকের স্বর্গে বাস করছেন। শুক্রবার (১০ মে) দুপুর ১টার দিকে ফরিদপুর নতুন বাস টার্মিনালে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, আমরা সরকারের কাছে ১১১টি সুপারিশ করেছি এ সুপারিশ বাস্তবায়িত হলে দুর্ঘটনা হ্রাস পাবে। দুর্ঘটনা বন্ধ করা যায় না। উন্নত দেশসহ এমন কোনো দেশ নেই যেখানে সড়ক দুর্ঘটনা হয় না। তবে দুর্ঘটনার দিক থেকে আমরা মধ্যমস্তরের দেশ হিসেবে রয়েছি।

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে শাহজাহান খান বলেন, দুর্ঘটনা ঘটলেই সাংবাদিক বন্ধুরা বলে দেন, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। তারা (সাংবাদিক) কি গবেষণা করে দেখেছে যে দুর্ঘটনা কেন ঘটেছে? আমি চাই সাংবাদিকরা সত্য কথা তুলে ধরুক।

শিবচরে যে গাড়িটির দুর্ঘটনা ঘটল, সেটা নিয়ে বলে দেয়া হলো- বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু গবেষণায় দেখা গেল, ওই গাড়িটির সামনের চাকা বিস্ফোরিত হয়েছিল এবং সড়কের বেরিয়ার দুর্বল ছিল। সুতরাং আমি সাংবাদিকদের অনুরোধ করব, দুর্ঘটনা ঘটলেই যেন বলা না হয়- এটা বেপরোয়া গতি। প্রথমদিকে এমন মন্তব্য করা ক্ষতিকর, মানুষের মাঝে বিক্ষোভের সৃষ্টি করে,' বলেন তিনি।

শাজাহান খান বলেন, মিশুক মুনীরের মৃত্যুর পর আমরা গবেষণা করে দেখেছি ওই দুর্ঘটনার জন্য ড্রাইভার বা গাড়ি দায়ী ছিল না। অথচ একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এ দুর্ঘটনার জন্য বাসের চালক দায়ী।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটলেই ড্রাইভারের ওপর দোষ চাপাবেন না। আমি মানছি অনেক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। তবে সবক্ষেত্রে এ ঘটনা ঘটে না। যে ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয় সে ক্ষেত্রে এ মন্তব্য আসলেই ক্ষতিকর এবং তা মানুষের মাঝে বিক্ষোভের সৃষ্টি করে।

চালকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বুঝতে হবে শিল্পপতি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের মতো আপনারাও সম্মানিত ব্যক্তি। অন্যকে সম্মান দেবেন আপনারাও সম্মান পাবেন। মনে রাখবেন আমাদের দ্বারা কোনো মানুষ যেন অসম্মানিত না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত