মেজর লিগ সকারে আজ সকালে হওয়া মন্ট্রিলের বিপক্ষে ম্যাচে বড় ধরনের ইনজুরি থেকে বেঁচে যান লিওনেল মেসি। ইনজুরি থেকে সুস্থ হতে তাৎক্ষণিক চিকিৎসা নিতে গিয়ে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। এমনটি হয়েছে এমএলএস এর নতুন নিয়মের কারণে।
আর এই নতুন নিয়ম নিয়েই ক্ষুব্ধ হয়েছেন মেসি। ম্যাচের ৪১ মিনিটে মন্ট্রিলের জর্জ ক্যাম্পবেলের ট্যাকলে বাঁ হাটুতে আঘাত পান মেসি। মাঠে পরেছিলেন বেশ কিছুটা সময়। তাৎক্ষণিক পরিচর্যার পর খেলেন পুরো ম্যাচই।
তবে চিকিৎসার পর মাঠে ফিরতে সাইডলাইনে দুই মিনিট অপেক্ষা করতে হয়েছে মেসিকে। এ সময় ক্যামেরাতে মেসিকে বলতে শোনা যায়, 'এই ধরনের নিয়মের মাধ্যমে আমরা ভুল পথে চলছি।'
বিষয়টি নিয়ে ম্যাচের পর মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেন, 'যে নিয়ম পরিবর্তন করা হয়েছে, আমার মনে হয় তা পর্যালোচনা করা উচিত। মেসিকে করা ফাউলে প্রতিপক্ষ খেলোয়াড়ের হলুদ কার্ড প্রাপ্য ছিল। সেটি না হয়ে আমরা মেসিকে দুই মিনিটের জন্য হারালাম।'
মেজর লিগ সকারে এই মৌসুমে তিনটি নতুন নিয়ম চালু করা হয়। যার একটি হলো ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে পড়ে থাকলে দুই মিনিটের বিরতি।
এতে বলা হয়, যদি কোন খেলোয়াড় বিনা কারণে (অভিনয় করে) ১৫ সেকেন্ডের বেশি পড়ে মাঠে থাকেন বা সাধারণ ইনজুরিতে ১৫ সেকেন্ডের বেশি পড়ে থাকেন তবে তাকে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ চিকিৎসা নেওয়ার পর তাকে ফিরতে হবে দুই মিনিট পর।
তবে যদি ফাউলে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো হয় বা গুরুতরভাবে আহত হন সেই ক্ষেত্রে এমন নিয়ম কার্যকর হবে না। যেহেতু মেসিকে করা ফাউলে হলুদ কার্ড দেখানো হয়নি, তাই চিকিৎসা শেষে মেসিকে দুই মিনিট পর মাঠে ফিরতে হয়েছে।
