নাঙ্গলকোটের পরে এবার কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১৩ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের কথা বলা হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম প্রধান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। গতকাল রবিবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। বাছাই চলাকালীন সিদ্ধান্ত গ্রহণের আগেই উচ্চ আদালতের আদেশ উপস্থাপন করেন তিনি। এতে বলা হয় সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করার জন্য। পরে নির্বাচন কমিশনে সেটি পাঠানো হলে কমিশন নির্বাচন স্থগিত করে।
