ভোটে জিততে এক’শ লাশ ফেলার হুমকি  আ. লীগ নেতার

আপডেট : ১৪ মে ২০২৪, ১০:৩৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার সামনেই ভোটে জিততে প্রয়োজনে ‘এক শ লাশ ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু আহমেদ চৌধুরী নামের ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আবু আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৪ মে) অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামাণিক সাক্ষরিত এক চিঠিতে তার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্য বলা হয়েছে।

চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ ২৯ মে। গতকাল সোমবার (১৩ মে) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক। চার প্রার্থীই আনারস প্রতীক চাইলে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন। সেখানেই আবু আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দীন আহমেদের প্রতিনিধিকে এই হুমকি দেন বলে অভিযোগ।

এ বিষয়ে জসীম উদ্দিন আজ মঙ্গলবার বলেন, তিনি (আবু আহমেদ চৌধুরী) রিটার্নিং কর্মকর্তার সামনে আমার প্রতিনিধিকে লক্ষ্য করে বলেন, প্রয়োজনে এক শ লাশ ফেলব। তার পরও আমি চেয়ারম্যান হব।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন জসীম উদ্দিন। এরপর আবু আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়, চেয়ারম্যান পদে চারজন প্রার্থীই একই প্রতীক চাওয়াতে সবার সম্মতিতে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর বেলা ১টা ৪০ মিনিটের সময় আপনি আবু আহমেদ চৌধুরী অপর প্রার্থী জসীম উদ্দিন আহমেদের প্রতিনিধিকে এক শ লাশ ফেলে দেব এবং নির্বাচনের সময় দেখে নেওয়া হবে মর্মে হুমকি প্রদর্শন করেন। আপনার এমন বক্তব্য উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬–এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে জানতে চাইলে আবু আহমেদ চৌধুরী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি বলেছি, আমি নিজের জীবন দিয়ে ভোটের পরিবেশ রক্ষা করব। আমি নোটিশের জবাব দিয়েছি।

নোটিশের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, প্রতীক বরাদ্দের পর আমাদের সামনে জসীম উদ্দিনের প্রতিনিধিকে হুমকি দেন আবু আহমেদ। এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়। এখনো জবাব হাতে পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত