গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ শফিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ইয়াসিন আহম্মেদ (৪) গাজীপুর সদরের হাতিয়াব গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিলের (আনারস প্রতীক) প্রচারণার কাজের জন্য বেশ কয়েকটি গাড়ি তার বাড়ির সামনে জড়ো করা হচ্ছিল। দুপুরের পর রাজাবড়ি প্রহল্লাদপুর ইউনিয়নে গণসংযোগের আয়োজন চলছিল। একটি মাইক্রোবাস আবদুল জলিলের বহরে যোগ দিতে তার বাড়ির দিকে আসছিল। পথে শফিকের মোড় এলাকায় একটি বাড়ির ভেতর থেকে শিশু ইয়াসিন দৌড়ে রাস্তায় চলে আসে। এ সময় শিশুটি ওই মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়।
