নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর বংশ সোনারগাঁ থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবু। উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল ওমর বাবুর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বাবুকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি এ নোটিস দিয়ে এক কার্যদিবসের মধ্যে জবাব চেয়েছেন।
এদিকে, বিরুকে হুমকির প্রতিবাদে তার সমর্থকরা গতকাল শুক্রবার জামপুর ইউনিয়নের তালতলায় মানবন্ধন ও প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভা থেকে বক্তরা বাবুকে জামপুর ইউনিয়নে প্রতিহত করার ঘোষণা দেন।
এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের ওটমা গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে ডা. বিরুকে হুমকি দিয়ে বক্তব্য দেন বাবু, যার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে বাবুকে বলতে দেখা যায়, ‘খেলা হবে বিরুর সঙ্গে আমার সঙ্গে। আমি খেলব একা। আমার নাম বাবু। তর যদি কোনো..., ভোটকেন্দ্রে থাকবি। আমিও থাকব। ২১ তারিখ খেলা হবে তোর সঙ্গে।’
বাবু আরও বলেন, ‘আমি জিতলে আমার পাঁচ বছর লাগবো না। হেরে ঠিক কইরা ফেলমু এক মাসে। এমনিতেই তো ঠিক কইরা ফেলসিলাম, আল্লাহ জানে বাঁচাইসে। লুঙ্গি রাইখা দিসিলাম।’
একপর্যায়ে বাবু বলেন, ‘আমি যদি পাস করি, আর আবদুল্লাহ আল কায়সারের (সংসদ সদস্য) সঙ্গে কাজ করার সুযোগ পাই। তাহলে দুই মাস পরে যদি এই চৌধুরী বংশ আমি উচ্ছেদ না করতে পারি আমি রিজাইন দেব ক্ষমতা থেকে।’
উপজেলা চেয়ারম্যান পদে বাবু আনারস প্রতীকে নির্বাচন করছেন। তার বিপরীতে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য মাহফুজুর রহমান কালাম। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টির সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা সমর্থন দিয়েছেন বাবুকে। অপরদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দ্বীপসহ আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন মাহফুজুর রহমান কালাম।
বক্তব্যের বিষয়ে জানতে বাবুল ওমর বাবুর মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। আবু জাফর চৌধুরী বিরু বলেন, ‘এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। দল কাউকে প্রতীক দেয়নি। ফলে আমরা যে কারও জন্য নির্বাচন করতে পারি। আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইব।’
