মদিনায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২৪, ০৩:০৮ পিএম

সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মো. আসাদুজ্জামান নামের এ হজযাত্রী গত ১৫ মে মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। এটিই এবারের হজে প্রথম কোন বাংলাদেশির মৃত্যু। শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মৃত আসাদুজ্জামানের বাড়ি নেত্রকোণার কেন্দুয়ার সাতাশীতে। তাঁর বয়স ৫৭ বছর। আসাদুজ্জামানের মৃত্যু সনদে বলা হয়েছে, অসুস্থতাজনিত  কারণে মদিনার কিং সালমান বিন আব্দুল আজিজ মেডিকেল সিটিতে মৃত্যুবরণ করেন।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

সবশেষ হিসাবে যত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৩ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮১ হাজার একজন হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সে হিসাবে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত