সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

আপডেট : ২০ মে ২০২৪, ১২:৫৯ এএম

সংবাদ সম্মেলন করে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াহিদুজ্জামান। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি দাবি করেন, নিজের জীবনের হুমকি, কর্মীদের নিরাপত্তা ও প্রভাবশালী এক নেতার হুমকির কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, মো. ওয়াহিদুজ্জামান তার প্রতিপক্ষ বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বাতিলের আবেদন করলে প্রথমে জেলা নির্বাচন কার্যালয় তার মনোনয়নপত্র বাতিল করে।

এরপর উচ্চ আদালত ও আপিল বিভাগ হয়ে গতকালই (রবিবার) প্রার্থিতা ফিরে পান বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াহিদুজ্জামান বলেন, এ নির্বাচনে অংশ নিলে আমার জীবন হুমকির মুখে পড়বে। তাছাড়া আমার নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতনের স্টিমরোলার চলবে।

ইতিমধ্যেই আমার নেতাকর্মীদের ওপর হামলা শুরু করে দিয়েছেন প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী।’

স্থানীয় সাংসদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। আকার-ইঙ্গিতে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সব কিছু বিবেচনা করে, আমি আমার জীবনের কথা চিন্তা করে ও এলাকার মানুষের শান্তির কথা বিবেচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২১ মে) এ উপজেলায় ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত