দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রাহক ও আয় বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে বাংলালিংকের আয় আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৪ কোটি টাকা।
মোট গ্রাহক সংখ্যা ও বিশেষভাবে ফোর-জি গ্রাহক সংখ্যা বৃদ্ধির ফলে বাংলালিংকের এই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। এছাড়াও এর পেছনে অবদান রেখেছে দ্রুতগতির ইন্টারনেট, নেটওয়ার্ক সম্প্রসারণ ও বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ নাগাদ বাংলালিংকের গ্রাহক সংখ্যা এক বছরের ব্যবধানে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৪৪ লাখে উন্নীত হয়েছে, যা গ্রাহক সংখ্যা বৃদ্ধির হারে দেশের সব অপারেটরগুলোর মধ্যে শীর্ষে।
ভিওনের এই প্রতিবেদন অনুযায়ী বাংলালিংকের ফোরজি গ্রাহক ২০২৩ সালের ১ কোটি ৭০ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখে, যা ২৩ শতাংশেরও বেশি। এই অভূতপূর্ব প্রবৃদ্ধি দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে বাংলালিংকের জাতীয় অপারেটর হয়ে ওঠার প্রতিশ্রুতিরই প্রতিফলন।
