কসবায় সমর্থককে কুপিয়ে জখম বাগাতিপাড়ায় বাড়ি ভাঙচুর

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছাত্রলীগের সাবেক এক নেতার মাথায় কোপানোর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার শাহপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত এমদাদুল হক পলাশ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। 

আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, পলাশ নির্বাচনী প্রচারণা শেষে ভোরে কসবা সদর থেকে নিজ গ্রাম শাহপুর যাওয়ার পথে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এ সময় পলাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ভূঁইয়া কাউসার জীবন বলেন, নির্বাচনে প্রতিপক্ষ ভয়ভীতি সৃষ্টি করছে, যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে বিরত থাকে।

তবে চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এ ধরনের ঘটনা ঘটেছে কি না তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।

কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, পলাশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পৌর মেয়র এমজি হাক্কানির ভাই গোলাম আজমকে প্রধান করে ২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জেলা পরিষদ সদস্য এমএ আজিজের ভাগিনা কাউসারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামে এক সমর্থক গুরুতর আহত হয়েছেন। গত রবিবার মধ্যরাতে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে ১০-১২ জন মুখোশধারী শহিদুলের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শহিদুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত