বন্ধুরাষ্ট্রে গিয়ে বিএনপি নেতার জীবননাশ হয়নি

আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:৩৫ এএম

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকান্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বন্ধুরাষ্ট্রে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিনের তো জীবন নাশ হয়নি।’ বন্ধুরাষ্ট্র নিয়ে কথায় কথায় দোষারোপের রাজনীতি না করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান কাদের।

গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে এ সভার আয়োজন করে।

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি তাদের কর্মপরিকল্পনা ঠিক করতেই এ সভার আয়োজন করে।

গণহত্যার সমর্থকদের নিষেধাজ্ঞা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা ফিলিস্তিনে দিনের পর দিন গণহত্যায় সমর্থন দিয়ে যায়, শিশুদের হত্যা করে তারা কাকে নিষেধাজ্ঞা দিল না দিল তা নিয়ে মাথাব্যথা নেই সরকারের।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩৫ হাজার ৫০০ মানুষকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের যুদ্ধবিরতি রেজ্যুলেশন উপেক্ষা করে হত্যাকান্ড চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের ছাত্ররা এর বিরুদ্ধে বিক্ষোভ করলে সে দেশের পুলিশ তাদের ওপর আক্রমণ করে। নারী শিক্ষার্থীদের রশি দিয়ে পেছন থেকে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়। সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

তিনি বলেন, ‘যারা ইসরায়েলকে সমর্থন করে, নেতানিয়াহুকে সমর্থন করে, এই যদি তাদের গণতন্ত্র-মানবাধিকার হয়, তবে তাদের ভিসানীতি বা নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনাবাহিনীর নিজস্ব নিয়মকানুন রয়েছে, সেখানে কেউ অপরাধী হলে তাদের ছাড় দেওয়ার মতো লোক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নন।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদও বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত