ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই আশা প্রকাশে করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরে বিমানের জন্য উড়োজাহাজ কেনায় ইউরোপীয় নির্মাতা কোম্পানি এয়ারবাসের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে।’ গতকাল বুধবার ঢাকায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, ‘এয়ারবাস মূলত দুটি ভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছে। একটি হচ্ছে, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজের এবং অন্যটি হচ্ছে স্যাটেলাইট সিস্টেমস, যা বাংলাদেশ পৃথিবী পর্যবেক্ষণের উদ্দেশ্যে নিতে চায়। সুতরাং দুটি আলোচনা খুব ভালো চলছে এবং এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, শিগগির এসব বিষয়ে (চুক্তি) সই এবং চূড়ান্ত করা হবে।’
প্রধানমন্ত্রীর পরবর্তী প্যারিস সফরেই এ দুই চুক্তি বা চূড়ান্ত করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সে রকমই আশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরের তারিখ নির্ধারণ না হলেও সেটি নিয়ে কাজ চলছে।’
এর মধ্যে গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন, ‘বাংলাদেশ ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে ১০টি বড় উড়োজাহাজ “কেনার প্রতিশ্রুতি” দিয়েছে।’
প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে রাফাল যুদ্ধবিমান কেনাবিষয়ক এক প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘গোপনীয়তার কারণে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বিস্তারিত আমি বলতে চাই না। তবে আপনাকে বলতে পারি, শিল্পপতিদের পাশাপাশি সামরিক প্রধানরা নিয়মিতভাবে বাংলাদেশে আসছেন। নৌ, সেনা, বিমানবাহিনী সবক্ষেত্রে আলোচনা এবং অভিন্ন স্বার্থ রয়েছে। এ ক্ষেত্রে নিয়মিত আলোচনা থাকলেও গোপনীয়তার কারণে আমি বিস্তারিততে যেতে পারব না।’
অর্থনৈতিক ও বাণিজ্যের ক্ষেত্রে দুই প্রান্তেই ক্রমবর্ধমান আগ্রহ থাকার কথা তুলে ধরে রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, জ্বালানি, খাদ্য, জাহাজ তৈরি ও প্রকৌশল প্রভৃতি ক্ষেত্রে ফরাসি কোম্পানিগুলোর আগ্রহ দেখা যাচ্ছে। ফ্রান্সে বাংলাদেশি কোম্পানিগুলোর সম্ভাব্য বিনিয়োগের বিষয়ও খতিয়ে দেখছি। যেমন ওষুধ, তৈরি পোশাক রিটেইলসহ অন্যান্য ক্ষেত্রে।’
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফরে জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে ফ্রান্সের উদ্যোগ ‘অভিযোজন চুক্তিতেও’ বাংলাদেশ স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন ফরাসি রাষ্ট্রদূত।
জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের ‘অগ্রগামী’ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এটাতে উৎসাহ পেতে চাই এবং একই সঙ্গে আপনাদের আর্থিক, কারিগরিসহ প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা করতে চাই।’
