ফরিদপুরে ছাত্রদলের কর্মী সম্মেলন চলাকালে গ্রেপ্তার করা হয়েছে জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের গোয়ালচামট এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক তরুণকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি আদনান হোসেন অনু। তাকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ৪টার কিছুক্ষণ পরে আনদান পৌর অডিটোরিয়ামে এসে ঢুকলে ফরিদপুর কোতয়ালী থানার একদল পুলিশ অডিটোরিয়ামটি ঘিরে ফেলে। পরে বিকেল ৫টার দিকে তাকে পুলিশ সদস্যরা ধরে নিয়ে যেতে চাইলে জেলা বিএনপির নেতৃবৃন্দ বাধা দেয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়ার সাথে পুলিশের বাদানুবাদ হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, পুলিশ জানিয়েছে আদনান একটি হত্যা মামলার আসামি। তবে পুলিশ তাদের কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি।
