বিতর্কিত ‘ফরেন এজেন্ট’ বিলকে কেন্দ্র করে জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্কও পর্যালোচনা করবে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত বৃহস্পতিবার বলেছেন, জর্জিয়ায় গণতন্ত্রকে ক্ষুন্ন করায় যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে জর্জিয়ার গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দীর্ঘস্থায়ী ও মৌলিক। জর্জিয়ায় অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের সময় ও এর আগে-পরে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠান ক্ষুন্নকারী যে কেউ নতুন নীতির আওতায় মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।
