তিতাস ফিল্ডের ১৪ নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে

আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:৪১ এএম

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপের ওয়ার্কওভার (বড় ধরনের সংস্কার কাজ) শেষে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কূপটিতে মোট ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। বর্তমান বাজার মূল্য (প্রতি ঘনমিটার গ্যাসের গ্রাহক প্রান্তে ওয়েটেড গড় মূল্য ২২.৮৭ টাকা হিসেবে) বিবেচনায় এই গ্যাসের দাম ২ হাজার ৫৯০ কোটি টাকা। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম গতকাল শনিবার বিকেলে এই কূপ থেকে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।

জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) তাদের বিজয়-১১ রিগ ব্যবহার করে গত ১৯ মার্চ ওয়ার্কওভার কাজ শুরু করে ২১ মে সফলভাবে সমাপ্ত করে। তিতাস কূপ নম্বর ১৪ থেকে দৈনিক ১০-১২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করলে আনুমানিক ১০ বছর কূপটি থেকে গ্যাস উৎপাদন করা যাবে। তিতাস কূপ নম্বর ১৪ ওয়ার্কওভার সম্পূর্ণরূপে সম্পন্ন করতে ৭৫ কোটি টাকা ব্যয় হয়েছে।

পেট্রোবাংলার অধীনে বিজিএফসিএল প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও গ্যাসের উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাতকারী একটি অন্যতম প্রতিষ্ঠান। এই কোম্পানির আওতায় ছয়টি গ্যাস ফিল্ডের (তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতা) মধ্যে উৎপাদনরত পাঁচটি গ্যাস ফিল্ডের ৩৯টি কূপের মাধ্যমে দৈনিক গড়ে ৫৬০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করা হচ্ছে।

১৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর ও ড. মো. রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত