নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফেরা হলো না স্কুলছাত্র আনাসের (১৪)। গতকাল মঙ্গলবার সকালে ডিএনডি সেচ খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন কুষ্টিয়ায় শাহিনুল হক লিটন (৪৭) নামে নিখোঁজ এক অটোচালক এবং জামালপুরের ইসলামপুরে কাফনে মোড়ানো অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নিহত স্কুলছাত্র আনাস মিজমিজি টিসি রোড এলাকার আলমাসের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পিতা আলমাস জানান, স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য সোমবার দুপুরে বাসা থেকে বের হয় আনাস। ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করা হলে অন্য শিক্ষার্থীরা ফিরে এলেও আনাস বাসায় ফেরেনি। সকালে পুলিশ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ডিএনডি সেচ খাল থেকে তার লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, পারিবারিক সূত্রে জানতে পারি ছেলেটি সাঁতার জানত না। তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে গোসল করতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে আমরা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় ব্যাটারিচালিত অটোসহ নিখোঁজের ১১ দিন পর চালক শাহিনুল হক লিটনের অর্ধগলিত মরদেহ গতকাল দুপুরে বাইপাস সড়কের রোজভ্যালি পার্ক সংলগ্ন খাল থেকে উদ্ধার করে পুলিশ। নিহত শাহিনুল শহরের হাউজিং এলাকার মৃত ইজাবুল হকের ছেলে।
নিহতের স্ত্রী মনিরা হক নিখোঁজ স্বামীর সন্ধানে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেলে শাহিনুল অটো নিয়ে বেরিয়ে আর ফেরেননি।
সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘শাহিনুলকে দুর্বৃত্তরা অটো ছিনতাই করতেই হত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।’
জামালপুর : জামালপুরের ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকায় পৌর মার্কেটের একটি ওষুধের দোকানের সামনে থেকে গতকাল ভোরে কাফনে মোড়ানো অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় কে বা কারা লাশটি রেখে সটকে পড়েছে।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ‘অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করাসহ প্রকৃত রহস্য উদঘাটনের কার্যক্রম চলমান।’
