মাদারীপুরের শিবচরে সন্ত্রাসী হামলায় এক ইউপি চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবচর পৌরসভার কেরানীবাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত আতিকুর রহমান মাদবর কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া আহত বাকি দুইজন হলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে দলীয় নেতাকর্মীদের সাথে শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিবচর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি বাচ্চু খলিফার বাড়ির সামনে রাজনৈতিক আলাপ করছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর। এ সময় আতিক ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। হামলায় ইউপি চেয়ারম্যান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার আহত হন। চেয়ারম্যান ও তার সহযোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার গোলদারসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
আতিক মাদবরের ভাই রায়হান মাদবর জানান, আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। চেয়ারম্যানের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার জানান, চেয়ারম্যানসহ তার সহযোগীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই হামলা করেছে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
সুজনের দলে জায়গাটা প্রাপ্য: কাবরেরা
বন্যার কারণে সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা