কুষ্টিয়ার কুমারখালীতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার করে ওজন বৃদ্ধির মাধ্যমে প্রতারণার দায়ে মোস্তফা কনক (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার কুমারখালী মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান কুমারখালী মাছ বাজার থেকে এক কেজি চিংড়ি মাছ কিনে বাসায় এসে মাছ কাটার সময় দেখেন মাছের মাথার মধ্যে জেলি ভরা। মৎস্য কর্মকর্তা তখন একজন ভোক্তা হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাতকে অবগত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, ‘এমন প্রতারণা হাতেনাতে প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
