অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনার কর্মদক্ষতা নির্ভর করে আপনার বিভাগের অন্য সদস্যদের ভালো পারফরমেন্সের ওপর। দলগতভাবে সবাই ভালোভাবে কাজ করলেই আপনি নিরাপদ থাকবেন। কিন্তু অদক্ষ কর্মকর্তা শুধু যে আপনাকে লক্ষ্যে পৌঁছতে যথাযথ সাহায্য করছেন না তাই নয়, হতে পারে, ঝামেলা বাধিয়ে কাজের গতি কমিয়ে দিচ্ছেন। আর দলের মধ্যে সবাই দারুণ দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এমনটাও বিরল। বিভাগ আকারে একটু বড় হলে আপনি সহজেই কাউকে না কাউকে পেয়ে যাবেন যার দক্ষতা যথাযথ মানের নয়। এর সমাধান কী হবে?
সবচেয়ে সহজ সমাধান হতে পারে পারে অদক্ষ অধস্তনকে চাকরিচ্যুত করা। কিন্তু এটাই কি সেরা সমাধান? তার আগে কয়েকটি বিষয় বিবেচনা করে দেখা যেতে পারে।
অদক্ষ কর্মকর্তা কোথায় অদক্ষ?
ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনি হয়তো বিব্রতবোধ করবেন যখন আরেকটি অতিবিখ্যাত প্রবাদ বাক্য আপনাকে শোনানো হবে ‘জগতে কোনো অদক্ষ কর্মকর্তা নেই, শুধু অদক্ষ ব্যবস্থাপক আছেন।’ তার মানে বিভাগের সদস্যদের কোনো দোষ নেই, বিভাগের নেতা হিসেবে আপনিই অদক্ষ। দলের লোকদের কাছ থেকে কী করে কাজ আদায় করতে হয় সেটা আপনি জানেন না। মুক্তির উপায় অদক্ষ কর্মকর্তার অদক্ষতা কোথায় সেটা খুঁজে বের করা এবং চাকরিচ্যুত না করে তাকে দক্ষ করে তোলা যায় কি না, কাজে লাগানো যায় কি না, তার সব চেষ্টা করা ।
কর্মকর্তা অদক্ষ হলো কী করে?
প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ নিশ্চয়ইপরিক্ষা নিয়ে যাচাই-বাছাই করে যাকে আপনি এখন অদক্ষ মনে করছেন, তাকে নিয়োগ দিয়েছে। হতে পারে সেই ইন্টারভিউ বোর্ডে আপনিও উপস্থিত ছিলেন। তাহলে অদক্ষ কর্মকর্তা নিয়োগ পেলেন কী করে? এই অদক্ষ কর্মকর্তার দক্ষতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানেরও দায় আছে, চাকরিচ্যুত করা ঠিক হবে না।
যতক্ষণে বোঝা গেল ততক্ষণে ব্যয় কত হলো?
একজন কর্মকর্তা নিয়োগ পাওয়ার পরের দিন থেকেই প্রতিষ্ঠানকে আশানুরূপ ফলাফল দিতে পারেন না। তার কিছুটা সময়ের দরকার হয়। প্রশিক্ষণ নেওয়ার দরকার হতে পারে। তার দায়িত্ব বুঝে নেওয়া থেকে শুরু করে কীভাবে দায়িত্ব পালন করা হবে, কৌশল কী হবে, প্রতিষ্ঠানের সংস্কৃতি, অন্য সহকর্মীদের সঙ্গে সমঝোতা ইত্যাদি নানা কিছু ঠিকঠাক হতে সময় লাগে। এই সময়ে কিন্তু প্রতিষ্ঠান এই কর্মকর্তার পেছনে ব্যয় করে যাচ্ছে। পরবর্তী সময়ে তার কাছ থেকে প্রতিষ্ঠানের কাজ পাওয়ার কথা তখন যদি তাকে চাকরিচ্যুত করা হয়, তাহলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়ে যায়। তাই অদক্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার আগে পারিপার্শ্বিক অবস্থা ভেবে নিতে হবে।
হতে পারে দক্ষতার স্থান পাল্টাতে হবে
হতে পারে এই অদক্ষ কর্মকর্তা এক বিভাগের জন্য অদক্ষ কিন্তু অন্য বিভাগের জন্য দক্ষ। অদক্ষ কর্মকর্তাকে নতুনভাবে যাচাই করে বিভাগ, পদ, দায়িত্ব অথবা কাজের পদ্ধতি পাল্টিয়ে যাচাই করে দেখা যেতে পারে হতে পারে তিনি অন্য কোনো কাজে বা বিভাগে পারদর্শী।
যিনি নতুন যোগ দিচ্ছেন তিনি দক্ষ তো?
নিয়োগের পরে তার অদক্ষতা প্রমাণিত হয়, তাহলে তাকে দক্ষ বানানো যেতে পারে কী করে জানা দরকার। আপনার বিভাগ কেন ভালো করছে না কারণ আপনার বিভাগের কর্মীরা দক্ষ নন, এই ব্যাখ্যা প্রতিষ্ঠান মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণ নেই কারণটা সত্যি হলেও।
যা করার দ্রুত করতে হবে। অদক্ষ কর্মকর্তা প্রতিষ্ঠান এবং আপনার বিভাগের অনেক বড় বোঝা এবং আপনার ক্যারিয়ারের জন্য ঝুঁকি।
