যাত্রী কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৪৯ এএম

বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ করা হচ্ছে বলে গত ৩০ মে সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এই বিবৃতির প্রমাণ আগামী তিন দিনের মধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ করার জন্য বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

অন্যথায় পরিবহন মালিক সমিতি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকারের  পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি হাজি আলাউদ্দিন এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বিবৃতিতে বলা হয়, দেশের সড়ক পরিবহন সেক্টরকে বাংলাদেশ রেলওয়ের প্রতিপক্ষ বানানোর অসৎ উদ্দেশ্যেই যাত্রী কল্যাণ সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব মনগড়া তথ্য পরিবেশন করেছেন। এতে দেশের জনগণের কাছে আমাদের সমিতির নেতারাসহ পরিবহন মালিকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কীসের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করেছে তার প্রমাণাদি আগামী তিন দিনের মধ্যে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ করার জন্য বলা হলো। অন্যথায় ওই সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত