কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে গাড়ির চালক ও সহকারী দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাভার্ডভ্যানচালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল গাড়িটিকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যানের মাধ্যমে ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করছিলেন দুই ভাই। এ সময় গাড়িটিকে পেছন থেকে তৃতীয় আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানচালক ও সহকারী দুই ভাই গাড়ির মাঝখানে আটকে যান।
ইনচার্জ এস এম লোকমান হোসাইন আরও বলেন, দুই গাড়ির মাঝখানে আটকে দুজনই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যানচালক ও সহকারী দুই ভাইয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
