ভোট গণনার আগে বিরোধী কর্মীদের নজরবন্দী করার অভিযোগ

  • ভোট গণনার আগে বিরোধী দলের নেতাদের নজরবন্দি করার অভিযোগ
  • যাদের নজরবন্দি করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান অখিলেশ যাদবের
আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৩৭ পিএম

ভারতে সকাল থেকে শুরু হয়েছে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনার চার ঘণ্টায় এখন পর্যন্ত একগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট।

তবে ভোট গণনা নিয়ে গুরুত্বর অভিযোগ করেছেন দেশটির সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তার অভিযোগ, ভোট গণনার আগে বিরোধী দলের নেতাদের নজরবন্দি করে রাখা হয়েছে।

তার দাবি, বিরোধী দলের নেতারা ভোট গণনায় যেন অংশ নিতে না পারেন, সেই জন্য তাদের নজরবন্দি করে রাখা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও প্রকাশ করেছেন অখিলেশ যাদব।

গতকাল রাতে অখিলেশ অভিযোগ করেন, বিরোধী দলের কর্মীদের ভোট গণনায় অংশগ্রহণ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করে কনৌজের প্রার্থী অখিলেশ যাদব লেখেন, ‘মাননীয় সুপ্রিম কোর্ট, নির্বাচন প্রধান ও পুলিশ প্রধান, অবিলম্বে লক্ষ্য করুন যে মির্জাপুর, আলিগড়, কনৌজ ছাড়াও, উত্তরপ্রদেশের অনেক জেলায় জেলা শাসক ও পুলিশ প্রশাসন বিরোধীদের অবৈধভাবে নজরবন্দি করছে যাতে তারা কাল ভোট গণনায় অংশ নিতে না পারেন।’

যাদের নজরবন্দি করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘এই জাতীয় ঘটনা অবিলম্বে বন্ধ করা উচিত। প্রশাসনিকভাবেও তা করতে হবে।‘

অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন অখিলেশ যাদব। তিনি লেখেন, ‘আশা করি এমন পক্ষপাতদুষ্ট ডিএম এবং প্রশাসনিক কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করা হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা করা হবে।’

৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ইতিমধ্যে এর চেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ। তবে জোর টক্কর দিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটও।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে বেলা দেড়টা পর্যন্ত মোদির এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে আছে যেখানে মূল প্রতিপক্ষ রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২২৮ আসনে এগিয়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত