সোনারগাঁয়ে ধারণকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব আজ রাত ৮টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। ২০২১ সালের অক্টোবর মাসে ঐতিহাসিক বড় সর্দারবাড়ির সামনে আড়ম্বরপূর্ণভাবে এই পর্বটি ধারণ করা হয়েছিল। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস।
সংকলিত এই পর্বে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের গাওয়া একটি মৌলিক গান এবং মনিরুজ্জামান পলাশের কথায় সোনারগাঁয়ের ইতিহাস নিয়ে স্থানীয় শিল্পীদের পরিবেশিত একটি নৃত্য রয়েছে। এছাড়া অতীতে প্রচারিত লিটন অধিকারী রিন্টুর কথায় সান্টুর একটি গানও এতে রাখা হয়েছে।
অনুষ্ঠানে সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য, কিশোরগঞ্জের ভাসমান স্কুল ও সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের সুপেয় পানির সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনসহ থাকছে নিয়মিত বিভাগ।