আইসিসিবিতে বারভিডার গাড়ির প্রদর্শনী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ এএম

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে গাড়ির প্রদর্শনী। তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন মডেলের জাপানি রি-কন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হবে। একই ছাদের নিচে দর্শনার্থীরা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির দাম, মডেল, মান-সহ নানা বিষয়ে খোঁজখবর করতে পারবেন। 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয় আইসিসিবিতে। বারভিডার সভাপতি আবদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বারভিডার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা পি. কে রায়, পূবালী ব্যাংকের কনজ্যুমার ক্রেডিট স্কিমের হেড মালেকুল ইসলাম, বারভিডার সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, মো. হাবিব উল্লাহ ডন ও বারভিডার সাবেক সাধারণ সম্পাদক মাহাবুল হক চৌধুরী বাবর-সহ অন্যরা বক্তব্য রাখেন। সংশ্লিষ্টরা জানান, মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আয়োজকরা জানান, বাংলাদেশের অটোমোবাইল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়িগুলোকে একটি ছাদের নিচে নিয়ে আসা। সাধারণ ক্রেতাদের জন্য গাড়ি দেখা, বিভিন্ন মডেল তুলনা করা, দাম যাচাই করা ও পছন্দের গাড়ি কেনার সুযোগ সৃষ্টি করা। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই এক্সপোতে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত