জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বসছে সংগীতের বড় আসর। আগামীকাল ৭ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘কনসার্ট ফর সলিডারিটি’। এতে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনায় সাত ঘণ্টা ধরে চলবে সংগীত আয়োজন।
কনসার্টের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নগরবাউল জেমসের পরিবেশনা। তার সঙ্গে মঞ্চ মাতাবে মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। ভিন্ন ধারার সংগীত ও জনপ্রিয় সব গানের সমন্বয়ে আয়োজনটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতায় থাকছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে দর্শকদের প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে।
মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে উদযাপিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।