৬০ উপজেলায় তিন পদে ৭২১ প্রার্থী, সংঘাতের শঙ্কা

আপডেট : ০৫ জুন ২০২৪, ০২:১৯ এএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬০টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটের আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিনও অনিয়ম ও সংঘাতের আশঙ্কা করা হলেও ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ৬০ উপজেলার মধ্যে চার জেলার ছয় উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে। বাকি উপজেলার ভোট হবে ব্যালট পেপারে। শেষ ধাপের নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭২১ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অংশ নিয়েছেন। চতুর্থ ধাপের নির্বাচনে চার জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাঁচজন। এর মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরের একজন চেয়ারম্যান, ফেনীর ছাগলনাইয়া, রংপুরের বদরগঞ্জ ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় তিনজন ভাইস চেয়ারম্যান এবং গোপালপুরে একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠু করতে উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনিটরিং সেল নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করবে। সেই সঙ্গে সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে কমিশনকে জানাবেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ১৭৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তারা ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

এ ছাড়া ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন।

কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ছয়টির বেশি হলে বুথপ্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিরা (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষায় ৬৩ হাজার ৫৫৯ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের পাশাপাশি ১ হাজার ৭৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং/স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত