চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন আক্তার। বয়স ৫৭। এবার দেশসেরা পাতা চয়নকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন। কুমিল্লা জেলায় জন্ম হলেও ১৬ বছর বয়সে চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের এক শ্রমিকের সঙ্গে বিয়ে হয় জেসমিনের। পরে বিয়ের পিঁড়ি থেকে উঠেই স্বামী আবদুল বারেকের সঙ্গে চলে আসেন নেপচুন চা বাগানে। সেখানে সংসার পাতার পরপরই স্বামীর সঙ্গে লেগে পড়েন চা পাতা তোলার কাজে। ৪১ বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি। তার স্বামী বারেক পাতা সংগ্রহকারী না হলেও বাগানে অন্য কাজের সঙ্গে যুক্ত। তাদের দুই ছেলে, দুই ছেলের স্ত্রী, মেয়ে ও মেয়ে জামাইও চা বাগানে কাজ করেন।
জেসমিনের পরিবারের সবাই চা বাগানে কাজ করলেও নাতি-নাতনিদের পড়ালেখা করাতে চান তিনি।
প্রতি ঘণ্টায় ৪৮ কেজির মতো পাতা তুলতে পারেন জেসমিন আক্তার। গত এক বছরে তিনি পাতা তুলেছেন ২৫ হাজার ২১৭ কেজি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ বছর ‘জাতীয় চা পুরস্কার’ পেয়েছেন। সারা দেশে সর্বোচ্চ চা পাতা চয়নকারী শ্রমিক হিসেবে জেসমিন বাংলাদেশ চা বোর্ডের এই পুরস্কার পেয়েছেন। গত মঙ্গলবার ঢাকায় জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেসমিন আক্তার বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী আমাদের মায়ের মতো। তার হাত থেকে পুরস্কার নিতে পেরে খুবই আনন্দ লাগছে। নিজের কাজে আরও উৎসাহ বোধ করছি।’
