গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও এক নারী যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের নল ছটা ও শিমুলিয়ার সড়কের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আনুমানিক এগারোটার দিকে টঙ্গী থেকে কালীগঞ্জের দিকে আগত ইজিবাইক ও নরসিংদী থেকে মহাখালীগামী দ্রুতগামী চলনবিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও এক নারী যাত্রী আহত হয়। ঘটনার পর যাত্রীদের সহযোগিতায় মীরের বাজার চৌরাস্তায় পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
নিহত ইজিবাইক চালক আহসান হাবীব। তার গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি টঙ্গী এলাকায় স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। নিহত অপরজনের নাম মেহেদী হাসান। তবে তার পুরো পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতবউদ্দিন জানান, বাসটি আটক করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
