দুর্নীতি দমন কমিশনের জন্য বরাদ্দ ১৯১ কোটি

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:৫৪ এএম

দুর্নীতি দমন ও প্রতিরোধের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সুশাসনভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করতে সরকার ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটবিষয়ক বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।

২০২৪-২৫ অর্থবছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালনব্যয় ১৭৯ কোটি এবং উন্নয়নব্যয় ১২ কোটি টাকা। চলতি (২০২৩-২৪) অর্থবছরের দুদকের জন্য বরাদ্দ ছিল ১৫৩ কোটি ৭৩ টাকা। আগামী বাজেটে দুদকের জন্য ৩৭ কোটি ৫৭ টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সেক্টরে ডিজিটাইজেশনের মাধ্যমে সরকার দুর্নীতি প্রতিরোধ ও জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এ জন্য ডিজিটাল আর্কাইভ, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং ইনভেস্টিগেশন ও প্রসিকিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইপিএমএস) চালু করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধের উদ্দেশে গণসচেতনতা গড়ে তুলতে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে মহানগর, জেলা ও উপজেলায় মোট ৫০৪টি ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত