এমন চাপের ম্যাচ আগে কখনো খেলেননি শান্ত

আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:৩৯ পিএম

ডালাসে শ্রীলঙ্কা বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের ১২৪ রানে আটকে রাখার পরও ৮ উইকেট হারিয়ে ১৯ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছে বাংলাদেশকে। সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়কের মনে হয়েছে এত চাপের ম্যাচ আগে কখনো খেলেননি তিনি।

শান্ত বলেন, ' ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এরকম চাপের ম্যাচ এর আগে আমি খেলিনি। ঈশ্বরের প্রতি কৃত্জ্ঞতা দিনশেষে আমরা জিততে পেরেছি।’

ম্যাচের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে শান্ত বলেন, ‘আমরা সবাই জানতাম এই ম্যাচ কত গুরুত্বপূর্ণ। আমরা বোলিংয়ে শুরুটা ভালো পাইনি। তবে যেভাবে সবাই স্থির ছিল এবং মাঝের ওভারের দিকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং বিশেষ করে বোলার ও ফিল্ডাররা সবাই অনেক ক্যারেক্টার শো করেছে। আমরা সবাই জানি আমাদের ব্যাটিং ভালো হয়নি। এই ধরনের চাপের ম্যাচে এরকম হবে। ওদের জন্যও এটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ওরাও অনেক চেষ্টা করেছে। তবে দিনশেষে আমরা দুটো পয়েন্ট পেয়েছি, এজন্য ভালো লাগছে।'

দ্বিতীয় পর্বে ওঠার ভয় কেটে গিয়েছে কি না জানতে চাওয়া হলে শান্ত জানান, এই জয়টা গুরুত্বপূর্ণ ছিলো, পরের তিন ম্যাচও গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের পরের ম্যাচ। তার জণ্য নতুন করে পরিকল্পনা করে আসতে হবে। ভালো খেলা ছাড়া উপায় নাই। আমরা ব্যাটাররা যদি অবদান রাখতে পারি তাহলে ভালো করতে পারব।’

দলের মানসিক অবস্থা সম্পর্কে অধিনায়ক বলেন, ‘এমন একটা ম্যাচ জেতার পরে সবাই আত্মবিশ্বাসী। এই মানসিক অবস্থা নিয়ে পরের ম্যাচে নামতে পারলে আমাদের জন্য ইতিবাচক হবে। আশা করি দ্বিতীয় ম্যাচটিতে এর চেয়ে ভালো কিছু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত