চট্টগ্রামের আনোয়ারায় যাত্রী ছাউনির পাশের নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের বটতল যাত্রী ছাউনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে অজ্ঞাত পরিচয়ে নিথর দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় কেউই জানাতে পারেনি। স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল মজিদ জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তের পর হত্যা নাকি অন্য কিছু জানা যাবে। লাশটির এখনো পরিচয় পাওয়া যায়নি।
