বটি দিয়ে মেয়ের পর নিজের গলাও কাটলেন বাবা

আপডেট : ১২ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে শিশু কন্যা ও বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, বটি দিয়ে পাঁচ বছরের সন্তানকে গলাকেটে হত্যার পর বাবা নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টাযর দিকে নগরীর কাউনিয়া মেইন রোডে পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৃতরা হলেন— উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে নাঈম (৩৫) ও তার মেয়ে শিশু রাবেয়া বশরী রোজা বয়স ৫ বছর ৪ মাস। নাঈম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার গাড়ির চালক ছিলেন।

নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন, নাঈম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে অনা তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল। আর এতে নাঈম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।

বুধবার সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বটি ছিল। এতে ধারণা করা হচ্ছে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে ও পরে নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন নাঈম।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গত রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই মেয়েকে হত্যা করেছে। পরে নিজে গলা কেটে আত্মহত্যা করেছে। সামনের রুমে বোন থাকলেও তারা কিছু টের পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (এডমিন) হাসান মো. শওকত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি সম্পূর্ণ তদন্ত করে বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত