সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও পাটকেলঘাটার শাকদহা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার শাহীন মন্ডল (২০), সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস করে পেছন থেকে সেই ট্রাকে উঠতে গিয়ে নিচে পড়ে যান চালকের সহকারী শাহীন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বুধবার মধ্যরাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় খুলনাগামী একটি পণ্য ভর্তি ট্রাক। এতে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জুলফিকার ও মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দুই থানার ওসি।
