ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভূমি কার্যালয়ে সেবা বন্ধ

আপডেট : ১৫ জুন ২০২৪, ০২:৩৮ এএম

কদিন আগে হয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে গাজীপুরের কালিয়াকৈরে লন্ডভন্ড হয়েছে এক ভূমি অফিস। এতে ক্ষতিগ্রস্ত ওই অফিসে ভূমিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভূমিসেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে ওই অফিসে আসা অর্ধশত গ্রামের মানুষ।

এলাকাবাসী, ভুক্তভোগী ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ২৭ মে দুপুর ২টার দিকে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে বড় একটি গাছ উপজেলার চাপাইর এলাকার শাখা ভূমি অফিসের টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। এ সময় ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এক তদন্তে যাওয়ায় প্রাণে রক্ষা পান। কিন্তু অফিস ও ভেতরে থাকা আসবাবসহ বিভিন্ন মালামাল লন্ডভন্ড হয়ে যায়। এরপর থেকে ওই অফিসে ভূমিসেবা বন্ধ রয়েছে।

ওই অফিসের কার্যক্রম বন্ধ থাকায় ভূমিসেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এর আওতাধীন চাপাইর, সীমারপাড়, কুতুবদিয়া, নামাশুলাই, মেদীআশুলিয়া, আষারিয়াবাড়ি, বড়ইবাড়ি, কোটামণি, মজুদপাড়া, কাঞ্চনপুর, মিনারবহ, রশিদপুর, বড় গোবিন্দপুর, সাতখুড়া, কোটবাড়ি, জৈনারবাজার, ধূলিগরা, সাদুল্লাপুর, পাঠাতা, পাইকপাড়াসহ অর্ধশত গ্রামের মানুষ।

এ ব্যাপারে ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন বলেন, ‘এখন ওই অফিসের সেবাপ্রার্থীদের আগের অফিস ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা দেওয়া হবে। এ বিষয়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। ঈদের পর আবার মাইকিং করা হবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত